আগামী তিন-চার বছরে নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। গতকাল রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পর্তুগালে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১২২টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেন তিনি।
দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী তিন থেকে চার বছরে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে চায় সরকার। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী।