নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে নতুন আইন নিয়ে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৪ জুন ২০২৬, ১১:৫৯ এএম

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে পরীক্ষার হলে নকল বা অনিয়ম সহ্য করা হবে না। নকলের প্রচলিত ধারণা পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের প্রমাণ মিললে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র সচিবকেও কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সংসদে পাস হওয়া সংশোধিত পরীক্ষা আইনের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের আইন পরিবর্তন করা হয়েছে। প্রশ্নফাঁস বা নকলের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এই নতুন আইনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত