হলিউড সুপারস্টার টম ক্রুজের নতুন লুক নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে শোরগোল পড়েছে। চারবার অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতুর বহুল প্রতীক্ষিত ‘ডিগার’ সিনেমার পোস্টারে একেবারেই অচেনা লুকে হাজির হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ছবিটির একটি বিশেষ ট্রেইলার ও তিনটি নতুন পোস্টার প্রকাশ করেছে, যেখানে আগামী ১৩ জুলাই মূল ট্রেইলার মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
লন্ডন বা আইম্যাক্স স্ক্রিনে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার সঙ্গে এই ট্রেইলারটি প্রদর্শিত হবে। ‘ডিগার’ সিনেমাটিকে একটি ‘মহাবিপর্যয়ের কমেডি’ হিসেবে বর্ণনা করেছে স্টুডিও। যেখানে টম ক্রুজ অভিনয় করেছেন বিশে^র সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ‘ডিগার রকওয়েল’ চরিত্রে।
টম ক্রুজ জানান, এই চরিত্রের বুটজোড়া পায়ে গলাতে তার ৪০ বছর সময় লেগেছে। ছবিতে ক্রুজের পাশাপাশি স্যান্ড্রা হুলার, জন গুডম্যান ও রিজ আহমেদের মতো শক্তিশালী তারকারা অভিনয় করেছেন। সবশেষ ‘মিশন : ইম্পসিবল’-এ দেখা যাওয়া এই তারকা এবার সম্পূর্ণ ভিন্ন ঘরানার এক চরিত্রে দর্শকদের চমকে দিতে যাচ্ছেন।