ভেনেজুয়েলায় দীর্ঘ হচ্ছে মরদেহের সারি, নিহত ১৬৪

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।  

বুধবার (২৪ জুন) প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি ছিল মূল কম্পন, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।
 
এরপর থেকে দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফালকোন রাজ্য।

ভূমকিম্পের পর রাজধানী কারাকাসে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বেঁচে ফেরা বাসিন্দাদের ভাষায়, 'চারপাশের দৃশ্য ছিল যেন কোনো ভয়াবহ সিনেমার মতো।' 

ভূমিকম্পের পর রাজধানীর প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি স্কুল-কলেজের ক্লাস স্থগিত করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রায় ৩০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত