শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

দিনাজপুর জেলার পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকলিমা খাতুন (১৮), তার ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর সেখানে খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে সংবাদ দেয়া হয়। নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, নিহতদের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, আমরা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়েছি। ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত