চেক ডিজঅনার মামলা 

অন্যের হয়ে হাজিরা দিতে আসা মনোয়ারা বললেন, উকিলে আমারে আনছে 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

২৯ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় প্রক্সি (আসামি সেজে হাজিরা) দিতে এসেছিলেন মনোয়ারা বেগম নামে এক নারী। তিনি হাজিরা দিতে এসেছিলেন প্রকৃত আসামি নাসরিন শিকদারের হয়ে। শুনানিকালে বিচারকের সন্দেহ জাগে। বিচারক তানিয়া সুলতানা লিপি ওই নারীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তবে, এরই মধ্যে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করার চেষ্টা করেন মনোয়ারা বেগম। যদিও পালাতে পারেননি তিনি। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ -৪ আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান সুমন বলেন, প্রক্সি দিতে আসা ওই নারীকে কোর্টের হেফাজতে রাখা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত মুল আসামি, প্রক্সি আসামি ও আইনজীবীসহ সকলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আটককৃত মনোয়ারা বেগম বিভিন্ন বাসাবাড়িতে ও অফিসে পরিচ্ছন্নতার কাজ করেন। তাকে এই মামলায় মূল আসামির পরিবর্তে হাজিরা দিতে আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইন নিয়ে আসেন। 

এদিকে এজলাসে আটকের পর মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন ‘আমি কিছু জানি না, ঢাকার জজ কোর্টের আগরবাতি গলির এক উকিল আমারে হাজিরা দিতে আনছে। আমার কোন অপরাধ নেই, অপরাধ তো ওই আইনজীবীর। আমাকে ছেড়ে দেন। তাকে গ্রেপ্তার করেন।’ তিনি বলতে থাকেন, ‘আমি উকিলদের চেম্বারে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে খাই। এতোসব বুঝি না। আমি বুঝতে পারিনি, এটা অপরাধ। আল্লাহ দোহাই, আমাকে মাফ করে দেন।  আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে।’ 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ মার্চ বাদী নিবেদিতা আহমেদ তুলি আসামি নাসরীনের বিরুদ্ধে ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আসামির সাথে বাদীর পারিবারিক সু-সম্পর্ক থাকায় বিভিন্ন সময় ফ্ল্যাট কেনার জন্য সর্বমোট ২৯ লাখ টাকা প্রদান করেন। এর পরিবর্তে গত বছরের জানুয়ারির ২৭ তারিখে আসামি বাদীকে ব্র্যাক ব্যাংকের একটি চেক প্রদান করেন। পরবর্তীকে বাদী তার নামে সোনালী ব্যাংকে গিয়ে চেকটি নগদায়নের জন্য জমা দিলে ‘অপর্যাপ্ত তহবিল’ বলে চেকটি ডিজঅনার হয়। ওই ঘটনায় তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনে ১৩৮ ধারায় এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত