কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৩টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত নূর হোসেনের দুই মেয়ে রোকেয়া খাতুন (৩৯) ও ইয়াসমিন (৩১)। তারা সম্পর্কে আপন বোন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুক্রবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না