চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়াই সি.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান থেকে চট্টগ্রামমুখী পূর্বাণী পরিবহনের একটি বাস সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, বাসের যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন। তবে প্রাইভেট কারে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন।
তাদের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।