নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের হাজীপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ইটবোঝাই ট্রাক্টর ট্রলির সংঘর্ষে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ট্রাক্টরচালক মারা গেছেন। এ ঘটনায় ট্রলির হেলপার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের হাজীপাড়া লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ইটবোঝাই ট্রাক্টর ট্রলিটি হাজীপাড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আমিনুল ইসলাম মারা যান।
দুর্ঘটনায় ট্রলির হেলপার হাসান (২৬) আহত হলে স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শী রাসেল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে এক বিকট শব্দ হয়। দ্রুত গিয়ে দেখি ইটবোঝাই ট্রাক্টরে সামনে অংশ দুমড়ে-মুচড়ে অনেক দূরে গিয়ে পড়েছে। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। আহত হেলপারকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা জব্বার হোসেনসহ আরও অনেকে জানান, হাজীপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই রেলপথ দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনামুখী আন্তনগর ট্রেন যাতায়াত করে। এমনকি এই এলাকায় একটি বাজার, দুই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও স্থানীয়রা এই রেলক্রসিং দিয়ে যাতায়াত করে। দ্রুত সেখানে গেটম্যান নিয়োগসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।