প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের শেষ দিন চীনের তিনজন ক্ষমতার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷
দ্বিপাক্ষিক সম্পর্কের বহুপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে। শেষদিনে ১৭টি সমঝোতায় স্বাক্ষর হয়েছে৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে উল্লেখ করেছেন, চীনকে একক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশ।
চীনের রাজধানী বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর এই অন্যতম উপদেষ্টা বলেন, ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি হয়েছে দুই দেশের ‘মিনিস্ট্রি টু মিনিস্ট্রি’ (মন্ত্রণালয় পর্যায়ে), ৩টি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার সঙ্গে। বাকি ১টি সমঝোতা হয়েছে ক্ষমতাসীন দল বিএনপি এবং চীনের সরকারি দল ‘চীনা কমিউনিস্ট পার্টি’র মধ্যে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রত্যেকটি বৈঠকে চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পর্কের কথা তুলে ধরে তাদের ভূয়সী প্রশংসা করেন।
এদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী চীনকে একক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। একইসাথে বৈঠকে তাইওয়ান ইস্যুতে কোনো আলোচনা হয়নি৷