ফরিদপুরের কোতয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১০ ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরতলীর রাজবাড়ির রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান র্যাব-১০ সদস্যরা। এর এক পর্যায়ে একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি অভিধান চালানো হয়। এ সময় প্রাইভেটকার এর মধ্যে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে সময় আটক করা হয় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা রানা গাজীকে (৩২)। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।