২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে পারে জাবির ৭ম সমাবর্তন: উপাচার্য 

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের (২০২৭ সাল) ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক অধিবেশনে উপাচার্যের ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

এসময় ভাষণে উপাচার্য বলেন, "২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।" 

এর আগে গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন করার কথা জানিয়েছিলেন উপাচার্য, যা এবার পুনর্নির্ধারণ করা হলো। 

অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনবল ও শিক্ষার্থীর সামগ্রিক পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বমোট ১২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন। 

প্রাতিষ্ঠানিক জনবলের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন একাডেমিক চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। পাশাপাশি জাবি স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৪৭ জন। 

দীর্ঘ সাড়ে তিন দশক পর জাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে চলমান এই ঐতিহাসিক সিনেট অধিবেশনে উপাচার্যের সমাবর্তন সংক্রান্ত এই ঘোষণা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত