ভাঙ্গায় বাসস্ট্যান্ডের দখল ঘিরে সংঘর্ষ আহত অর্ধশত

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রবিবার দুটি ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাসহ  অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় চার ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বাসযাত্রীসহ সাধারণ মানুষ।

সকাল ৮টায় সংঘর্ষ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর এবং হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুকুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে অবস্থান নেয়। কয়েক হাজার গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা কয়েক দফা টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সার্কেলের এক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একাধিক পুলিশ সদস্য আহত হন। অপরদিকে সংঘর্ষ ঠেকাতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ কয়েকজন সাংবাদিক এবং সংঘর্ষে লিপ্ত থাকা অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দুটি ইউনিয়নের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ  চলে আসছিল। সকাল ৮টার দিকে উভয় পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলেও সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ পেছনে আসতে হতে বাধ্য হয়। পরে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স এসে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত