গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

 ১৪৪ ধারা জারি

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময় বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মসূচি দেওয়ায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যার দিকে বিএনপির কর্মীরা বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের এক নেতাকে মারধর করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা বাজারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে একই স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াতে ইসলামী।

এদিকে একই স্থানে দুদলের ডাকা সমাবেশে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় গতকাল বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। পলাশবাড়ী থানার ওসি সারওয়ার আলম জানান, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের সময় জুনদহ বাজারে ১০টি দোকান ও  ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত