চোট থেকে এখনো সেরে না উঠলেও গতকাল জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়েন লিটন দাস। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে শঙ্কা আছে। তবে পরের দুটিতে মাঠে নামতে পারবেন তিনি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু নিয়মিত অধিনায়ক হয়েও এই দলে নেই লিটন। নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য ছাড়পত্র নিয়েছেন লিটন। তার সঙ্গে ডানহাতি পেসার তাসকিন আহমেদও একই কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না।
এ ছাড়া সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী ও সৌম্য সরকার। তাদের ছাড়াই ঘোষণা করা দলে চমক রেখেছেন নির্বাচকরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডের পর এবার জিম্বাবুয়ে সফর দিয়ে টি-টোয়েন্টিতেও ফিরেছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে খেলেননি তিনি। ওই বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। শামীমের বাজে ফর্মই মোসাদ্দেকের ফেরার দুয়ার খুলে দিয়েছে। এদিকে মিডল অর্ডারে বড় শট খেলার দক্ষতার কারণে রাব্বিকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
বাংলাদেশ দল : তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।