তিস্তা সেচ ক্যানেলের ধারে মানুষের কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত শুরু

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ এএম

রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে একটি মানুষের মাথার খুলি ও পচে যাওয়া কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে এবং এলাকা ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহের কাজ শুরু করে। পরে পুলিশের অপরাধ তদন্ত (ক্রাইম সিন) ইউনিটও ঘটনাস্থলে কাজ শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন কৃষক ক্যানেলের পাশের জমিতে কাজ করতে গিয়ে তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে একটি মানুষের মাথার খুলি দেখতে পান। আশপাশে আরও খোঁজ নিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালের অংশ দেখতে পেয়ে তারা স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, কঙ্কালটি দীর্ঘদিন ধরে ওই স্থানে পড়ে ছিল। এ কারণে মৃত্যুর সময়কাল ও অন্যান্য বিষয় নিশ্চিত হতে বিস্তারিত ফরেনসিক পরীক্ষা প্রয়োজন হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মাথার খুলির আশপাশের ঘাস লালচে রঙের দেখা গেছে। তবে এ বিষয়ে পুলিশ এখনই কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ বা ঘটনার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি এবং শরীরের কয়েকটি অংশে বিভক্ত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার পর মৃত্যুর কারণ এবং ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত