জন্মদিন

চিত্রশিল্পী কাফকা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৪২ এএম
ফ্রানৎস কাফকার নাম উচ্চারিত হলেই মনে পড়ে মেটামরফোসিস, দ্য ট্রায়ালসহ এক রহস্যময়, উদ্বেগে পরিপূর্ণ, আমলাতান্ত্রিক গোলকধাঁধার পৃথিবীর কথা। কিন্তু এই পরিচয়ের আড়ালে দীর্ঘদিন চাপা পড়ে ছিল আরেক কাফকা— যিনি আঁকতেন।
 
এই অজানা কাফকার সন্ধান মেলে ২০২১ সালের শেষদিকে। সুইজারল্যান্ডের জুরিখের একটি ব্যাংক ভল্ট থেকে উদ্ধার করা হয় কাফকার আঁকা একশটিরও বেশি নতুন, অপ্রকাশিত ছবি ও স্কেচ। মৃত্যুর আগে কাফকা তার ঘনিষ্ঠ বন্ধু মাক্স ব্রডকে পাণ্ডুলিপির পাশাপাশি এই চিত্রকর্মগুলোও নষ্ট করে ফেলতে বলেছিলেন। মাক্স ব্রড যথারীতি সেই অনুরোধও উপেক্ষা করেছিলেন বলেই সম্প্রতি আমরা পেয়েছি ফ্রাঙ্কস কাফকা : দ্য ড্রয়িং নামক অসাধারণ এক সংকলন।
 
ইয়েল ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এই বইটিতে কাফকার আগের জানা ছবিসহ মোট ২৪০টিরও বেশি স্কেচ স্থান পেয়েছে। চমকপ্রদ বিষয় হলো, সেখানে বিষাদের বদলে খোঁজ মিলেছে অদ্ভুত কৌতুকবোধসম্পন্ন এক প্রাণবন্ত কাফকার—যার রেখার টানে অবলীলায় হেঁটে বেড়ায় লম্বা পায়ের ক্লাউন কিংবা চ্যাপলিনের মতো বোলার হ্যাট পরা মানুষ।
 
এসব ছবি কাফকার বহুল প্রচলিত ভাবমূর্তিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তার সাহিত্যে বিষণ্ণতা ও অস্তিত্ব সংকটের যে প্রবল উপস্থিতি দেখা যায়, ছবিগুলোতে তার বদলে দেখা যায় হালকা রসিকতা, খেলাচ্ছলে আঁকা মানবাকৃতি এবং প্রায় কার্টুনধর্মী প্রাণশক্তি। তুলির আঁচড়ের এই রেখাগুলো সাহিত্যের পাঠকদের এক নতুন, অচেনা ও অপেক্ষাকৃত হাসিখুশি কাফকার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত