ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল মাঠে খেলা শেষে বিদ্যালয়ের দেয়াল টপকে সড়কে পড়তেই ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অর্ক গৌড় (৯) নামের এক শিক্ষার্থীর শরীরের উপর উঠে যায়। এতে গুরুতর আহত অর্ক গৌড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে।

আজ (৪ জুলাই) শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন বিকাল আনুমানিক ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ক মারা যায়। নিহত অর্ক গৌড় ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর পাড়ের বাসিন্দা ভজন গৌড়ের মেঝো ছেলে। সে  চরনিখলা  মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডাল-রুটি খেয়ে স্কুল মাঠে খেলতে যায় অর্ক। সাপ্তাহিক ছুটির দিনে স্কুল বন্ধ থাকায় দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে অর্কসহ তার কয়েকজন  সহপাঠী ও খেলার সাথী। খেলা শেষে ফের দেয়াল টপকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কে পড়তেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের দিক আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইক ওঠে যায় অর্কের শরীরের ওপর। 

এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে অর্ক মারা যায়।

অর্কের মা গীতা রানী গৌড় বলেন, সকালে আমার ছেলে ডাল-রুটি খেয়ে গিয়েছিল ফুটবল খেলতে। অর্ক বলেছিল খেলা শেষ করে এসে আবার রুটি খাবে। বাবা অর্করে-এখন কে রুটি খাবে? ভগবান তুমি এটা কি করলা?-বলেই মূর্ছা যাচ্ছেন অর্কর মা। অর্কের বাবা ভজন গৌড় ছেলেকে হারিয়ে বারবার অচেতন হয়ে যাচ্ছেন। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ইজিবাইক দুর্ঘটনায় গুরুতর আহত অর্ক গৌড়কে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন শিশুটি মারা যায়। ময়মনসিংহ হাসপাতালে মারা যাওয়ায় পরিবারের বিনা-ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে বলে আমরা অবগত হয়েছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত