তৃণমূলের প্রধান কার্যালয় বিদ্রোহীদের দখলে

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গের সবশেষ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরোধিতা করে বিদ্রোহ করেছেন বিধায়কদের বড় অংশ। তৃণমূল কংগ্রেস কার দখলে থাকবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদ্রোহী শিবিরের দাবি এবং পাল্টা দাবির মধ্যেই কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত প্রধান দলীয় কার্যালয় দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। গত শুক্রবার সন্ধ্যার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীটি নিজেদের ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করে প্রধান কার্যালয় দখলে নেয়। এ সময় ঋতব্রতের সঙ্গে ছিলেন আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো শীর্ষ নেতা ও বিধায়করা।

অল্প সময়ের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন ‘মমতাপন্থি’ তৃণমূল নেতা ও বিধায়ক কুনাল ঘোষ এবং আরও কয়েক জন।  কুনালেরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। কুনাল জানান, পুরো বিষয়টি বোঝার পরেই দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ‘দখলদারির’ নেপথ্যে রাজ্য সরকার এবং পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করে সাংবাদিকদের কুনাল ঘোষ বলেন, দখলদারির সংস্কৃতি চলছে। সরকার এবং পুলিশের প্রত্যক্ষ মদতে একজন বহিষ্কৃত (ঋতব্রত) বিজেপির বি টিম হয়ে নেমেছে।

এদিকে, কলকাতার মেট্রোপলিটন এলাকায় কার্যালয় দখলের পর ভবনের পুরনো ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করে নতুন ব্যানার লাগানো হয়েছে। তৃণমূলের জ্যেষ্ঠ এবং বর্তমানে ‘ঋতব্রতপন্থি’ বিধায়ক আখতারুজ্জামান বলেন, ‘আমরাই তৃণমূল। এটা আমাদের কার্যালয়। এই কার্যালয়ের সঙ্গে তৃণমূলের আবেগ জড়িয়ে রয়েছে’। গত ২১ জুন কলকাতার নিউ টাউন এলাকার একটি হোটেলে বৈঠক করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ‘তৃণমূলের’ জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলেছিলেন ঋতব্রত এবং তার সহযোগীরা। সেই বৈঠকে তৃণমূলের চেয়ারম্যান হিসেবে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়।

অভ্যন্তরীণ সংকটের মধ্যেই দলীয় প্রধান মমতা ব্যানার্জির জন্য আরও একটি বড় ধাক্কা এসেছে। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের গতকাল শনিবার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত ৩ জুন দলীয় সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে মমতা ব্যানার্জি সব কমিটি ভেঙে দেন। এরপর সুভ্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব পান। পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করেন। একসময় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থাকা চন্দ্রিমা ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত