ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ জনে। আহত হয়েছেন ১২ হাজার ৬০০ জনের বেশি। সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী, এখনো অন্তত ৩৮ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল এবং রাজধানী কারাকাসের আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে, ভেঙে গেছে সড়ক ও অবকাঠামো।
এএফপি জানিয়েছে, ভূমিকম্পের আট দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার অবস্থান শনাক্তের পর ৭০ ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। এই অভিযানে ভেনেজুয়েলার পাশাপাশি, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করেছে।
ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি, নিম্নমানের সরকারি আবাসন নির্মাণ এবং নিরাপত্তা মান উপেক্ষার কারণেই এত বড় প্রাণহানি ঘটেছে। অনেকের দাবি, বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা, স্বেচ্ছাসেবক ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা এলেও তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পুরোপুরি পৌঁছাচ্ছে না।