২৮ জুন থেকে ২ জুলাই সময়ে (বিদায়ী সপ্তাহে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা। মূলত আলোচ্য সময়ে বাজারটিতে মূল্যসূচকের উত্থান ঘটে। এতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২৮১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৭৩৫ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৫৭ কোটি ৮৩ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৭৭ কোটি ৯৩ লাখ টাকার।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
এদিকে ডিএসইতে গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৪ কোটি ৬০ লাখ টাকার, মঙ্গলবার ৭৪ কোটি ৩২ লাখ, সোমবার ৭৩ কোটি ৮৬ লাখ ও রবিবার ৯৮ কোটি ৪৯ লাখ টাকার ব্লকে লেনদেন হয়েছে।