হাতিরঝিলের মাদ্রাসায় ১০ বছরের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। তাহমিদুল ইসলাম নামের ১০ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসে। নিহতের গলায় কালো দাগ থাকলেও শরীরের অন্য কোথাও কোনো জখমের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, শিশু তাহমিদুল হাতিরঝিল মহানগর প্রজেক্টের ২ নম্বর রোডের আল ফুরকান মসজিদ মাদ্রাসার পঞ্চম তলার আবাসিক শিক্ষার্থী ছিল। এই মাদ্রাসাতেই শিক্ষকতা করেন শিশুটির বাবা মো. শাহিন রেজা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজিপুর গ্রামের বাসিন্দা এই পরিবারের একমাত্র সন্তান ছিল তাহমিদুল।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে ওই শিশুটি মাদ্রাসার জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করেন তার বাবা। পরে তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ২টার দিকে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, মৃত্যুর বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। শিশুটি মৃত্যুর আগে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ময়নাতদন্তকারী চিকিৎসকদের বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য শিশুটির বাবা ও মাদ্রাসার শিক্ষক শাহিন রেজার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই তিনি কোনো কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত