জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশপ্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএনকপস ২০২৬) অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন। গতকাল রবিবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএনকপস ২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলে আইজিপি ছাড়াও রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এ সব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
দুই দিনব্যাপী ইউএনকপস সম্মেলন ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।