স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। তীব্র দাবদাহের কারণে স্বাধীনতা দিবস ঘিরে বেশ কিছু অনুষ্ঠান ব্যাহত হলেও, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল মলে ওই অনুষ্ঠানে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ‘নোবেল শান্তি পুরস্কার’ না পাওয়া নিয়ে রসিকতা করেছেন ট্রাম্প। বিশ্বমঞ্চে নিজের পররাষ্ট্রনীতির সাফল্য ও কূটনৈতিক তৎপরতার খতিয়ান তুলে ধরতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তিনি এ পর্যন্ত ‘আটটি যুদ্ধ থামিয়েছেন’। কিন্তু এত কিছুর পরও তাকে নোবেল দেওয়া হয়নি বলে ট্রাম্প হেসে হেসেই আক্ষেপ করেন।
স্বাধীনতা দিবসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ট্রাম্প তার প্রশাসনের বৈদেশিক নীতি, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে তার ব্যক্তিগত উদ্যোগ এবং সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বোঝাতে চান, তার নেওয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণেই বিশ্বব্যাপী বেশ কয়েকটি বড় যুদ্ধ ও সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। উপস্থিত জনতা ও সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ‘আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না’।
তবে ট্রাম্পের এই ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে তার চিরচেনা রাজনৈতিক প্রচারণার অংশ ও অতিরঞ্জিত রসিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের হাহাকার নতুন নয়। এর আগেও ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসসহ (ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি) বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন। গত বছর নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। পরে মাচাদো তার পুরস্কারের স্মারক ট্রাম্পের হাতে তুলে দেন।
নিজ ভাষণে ট্রাম্প কমিউনিজমের ব্যাপক সমালোচনা করে বলেন, ‘কমিউনিজম ক্যানসারের মতো’। কমিউনিজমকে ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি’ উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ব্যর্থ মতবাদ; সব সময় এটি ব্যর্থই থাকবে। এটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। এ ব্যবস্থা কখনোই সফল হয়নি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে। চরম প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিতে ওয়াশিংটনে ট্রাম্পের এ ভাষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রচণ্ড গরমের মধ্যে বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। উপস্থিত লোকজনকে সরে যাওয়ার নির্দেশে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। কেউ কেউ সেখান থেকে বের হওয়ার পথের দিকে ছুটে যান। অনেকে অনুষ্ঠানস্থল ছাড়তে অস্বীকৃতি জানান। কেউ আবার ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেন।
স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক শহরের উপকূলীয় আবাসিক এলাকা কোনি আইল্যান্ডে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিউ ইয়ক নগর পুলিশকে (এনওয়াইপিডি) উদ্ধৃত করে গতকাল রবিবার এ খবর জানিয়েছে এবিসি নিউজ। এনওয়াইপিডি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে কোনি আইল্যান্ড আবাসিক এলাকার ওয়েস্ট ৩১ স্ট্রিটে একটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবিসি জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ (৩৭, ৩৩), দুজন নারী (২৫, ২১) ও চার শিশু আছে। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর। পুলিশ জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা সংকটজনক। পুলিশ আরও জানিয়েছে ঘটনাস্থল থেকে তারা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি।