হামে শিশু মৃত্যু

ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলায় হামের টিকা না কেনা ও এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে ১২ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেন। এদিন সকালে একই আদালতে মামলাটির আবেদন করেন হামে মারা যাওয়া শিশু সাউদা মুসকানের বাবা শরীয়তপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম। অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন বাদীর ৯ মাসের কন্যা সাউদা মুসকান গত ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চের শুরুতে মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ মার্চ স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও চিকিৎসায় অসহযোগিতা ও অবহেলার অভিযোগ করেন। বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে বাচ্চার মুখে লাগাতে বলা হয়। একপর্যায়ে সাউদা মারা যায়।

মামলার আর্জিতে আরও বলা হয় শিশুদের টিকার জোগান সময়মতো না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের ‘মারাত্মক খামখেয়ালিপনা’ এবং অবহেলাজনিত কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম। এসব মৃত্যুর দায় আসামিরা কোনোভাবেই এড়াতে পারেন না। প্রসঙ্গত, একই ধরনের অভিযোগে এর আগে ড. ইউনূস, নূরজাহান বেগমের বিরুদ্ধে একাধিক মামলা খারিজ করে দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত