আপনার জিজ্ঞাসা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ এএম

নামাজে হাত বাঁধার নিয়ম

  দৈনন্দিন ইসলাম ডেস্ক

প্রশ্ন : আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিছুদিন আগে আমার এক সহপাঠীর সঙ্গে নামাজে হাত বাঁধার নিয়ম সম্পর্কে আলোচনা হচ্ছিল। সে বলল, ‘নামাজে বুকের ওপর হাত রাখা সুন্নত। সহিহ হাদিসে এই নিয়মটিই আছে। পক্ষান্তরে নাভির নিচে হাত বাঁধার কোনো প্রমাণ সহিহ হাদিসে নেই। এ সম্পর্কে যত হাদিস আছে সব জঈফ বা দুর্বল।’ এখন নামাজে হাত বাঁধার বিষয়ে সঠিক নিয়ম জানতে চাচ্ছি।

খন্দকার রাকিবুল ইসলাম, শিক্ষার্থী, বিইউবিটি

উত্তর : নামাজে বাম হাতের ওপর ডান হাত বাঁধা সুন্নত। এটি সহিহ হাদিসে এসেছে। সাহাবিরা নবীজি (সা.)-কে দেখে এভাবে হাত বাঁধতেন। এখন প্রশ্ন হলো, তারা হাত কোথায় বাঁধতেন? নাভির নিচে নাকি ওপরে? মৌখিক বর্ণনায় হাত বাঁধার মূল প্রসঙ্গ যত পরিষ্কারভাবে এসেছে, কোথায় বাঁধতেন তা সেভাবে আসেনি। কেন আসেনি? আসার প্রয়োজন হয়নি। কারণ সবাই হাত বাঁধছেন। কোথায় বাঁধছেন তা সবার সামনেই পরিষ্কার। কাজেই তা মুখে বর্ণনা করার প্রয়োজন হয়নি। তো যে সুন্নত কর্মে ও অনুসরণে ব্যাপকভাবে রয়েছে তা মৌখিক বর্ণনায় সেভাবে নেই। এ ধরনের ক্ষেত্রে পরের যুগের লোকদের জন্য সাহাবি-তাবেয়িনের আমল ও ফতোয়া গুরুত্বপূর্ণ। কারণ তারা ওই সময়ের কর্ম ও অনুশীলনের প্রত্যক্ষদর্শী।

নামাজে হাত বাঁধার সুন্নতের ওপর সাহাবি-তাবেয়িন কীভাবে আমল করেছেন, এ বিষয়ে ইমাম তিরমিজি (রহ.) বলেন, ‘আহলে ইলম সাহাবি-তাবেয়িন ও তাদের পরবর্তী মনীষীরা এই হাদিসের ওপর (ডান হাত দ্বারা বাম হাত ধরা) আমল করেছেন। তাদের সিদ্ধান্ত এই ছিল যে, নামাজে ডান হাত বাম হাতের ওপর রাখতে হবে। তাদের কেউ নাভির ওপর হাত রাখার কথা বলতেন, আর কেউ নাভির নিচে রাখাকে অগ্রগণ্য মনে করতেন। তবে দুটি নিয়মই তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। (জামে তিরমিজি ১/৩৪)

উপরোক্ত দুই নিয়মের মাঝে নাভির নিচে হাত বাঁধার নিয়মটি রেওয়ায়েতের বিচারে অগ্রগণ্য। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই (রহ.) বলেছেন, ‘নাভির নিচে হাত বাঁধা রেওয়ায়েতের বিচারে অধিক শক্তিশালী এবং ভক্তি ও বিনয়ের অধিক নিকটবর্তী।’ বিখ্যাত তাবেয়ি ইমাম ইবরাহিম নাখায়ি (রহ.)-ও এই ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন, ‘নামাজে ডান হাত বাম হাতের ওপর নাভির নিচে রাখবে।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩৯৬০)

ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশশাইবানি (রহ.) বর্ণনা করেছেন, ইমাম ইবরাহিম নাখায়ি (রহ.) নাভির নিচে হাত বাঁধতেন। এরপর তিনি বলেন, ‘আমরা এই নিয়মই অনুসরণ করি এবং এটিই ইমাম আবু হানিফার সিদ্ধান্ত।’ (কিতাবুল আছার ১২১)

শায়খ আবুল হুসাইন ইয়াহইয়া ইবনে আবুল খায়ের (রহ.) বলেন, ইমাম আবু ইসহাক মারওয়াজি (রহ.) বলেছেন, ‘এক হাত অন্য হাতের ওপর নাভির নিচে রাখবে।’ (আলবায়ান ফি মাজাহিবিল ইমামিশ শাফেয়ি ২/১৭৫)

উল্লেখ্য, ইমাম আবু ইসহাক মারওয়াজি (রহ.) শাফেযয়ি মাজহাবের একজন প্রসিদ্ধ মনীষী। ইমাম শাফেয়ি (রহ.) নাভির ওপর (বুকের নিচে) হাত বাঁধার নিয়ম গ্রহণ করলেও আবু ইসহাক মারওয়াজি নাভির নিচে হাত বাঁধার নিয়মকেই অগ্রগণ্য মনে করেছেন।

ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি নবীজি (সা.)-কে দেখেছি, তিনি নামাজে ডান হাত বাম হাতের ওপর নাভির নিচে রেখেছেন।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩৯৫১) এই বর্ণনার সনদ সহিহ।

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সুন্নাহ হচ্ছে নামাজে হাতের পাতা হাতের পাতার ওপর নাভির নিচে রাখা।’ (মুসনাদে আহমদ ৮৭৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, ‘নামাজে হাতের পাতাসমূহ দ্বারা হাতের পাতাসমূহ নাভির নিচে ধরা হবে।’ (সুনানে আবু দাউদ ৭৫৮)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত