৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। এমনিতেই লম্বা সফর। এক সিরিজের পর আরেকটি সিরিজ শুরু হওয়ার মধ্যে কয়েক দিনের গ্যাপ আছে। এর ওপর একমাত্র ৫ দিনের টেস্ট আড়াই দিনেই শেষ! তাতেও বাড়তি সময় মিলেছে। সাধারণত দেশের বাইরে গেলে সময় বের করে স্থানীয় জায়গাগুলো দলবেঁধে ঘুরে দেখেন ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তবে টেস্টে স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর এবারের পরিকল্পনায় পরিবর্তন এসেছে বলেই জানা গেছে। অনুশীলন আর টিম হোটেলেই সীমাবদ্ধ সফরকারীদের গণ্ডি। এর মধ্যে আজ শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। একে তো টেস্টে হার, এর ওপর ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পয়েন্টের সমীকরণের হিসাবও মেলাতে হচ্ছে বাংলাদেশকে। এজন্য পরিসংখ্যান ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বেশ সাবধানী হয়ে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজরা।
হারারেতে প্রথম ওয়ানডে শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। চোটের কারণে এই ম্যাচে লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা আছে। যদিও দলের সঙ্গে যোগ দিয়ে গত দুই দিন অনুশীলন করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, লিটন অনেকটাই সেরে উঠেছেন। তবে তাকে খেলানো হবে কি না, সে সিদ্ধান্ত হয়নি। আজ টসের আগে চূড়ান্ত হবে এই ব্যাটারের একাদশে থাকা বা না থাকার বিষয়টি।
লিটন শেষ পর্যন্ত না থাকলে ধাক্কা খেতে পারে বাংলাদেশ দল। এই উইকেটরক্ষকের অনুপস্থিতি টেস্টে ভালোভাবেই টের পেয়েছে সফরকারীরা। ওয়ানডেতে অবশ্য পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লাল-সবুজের প্রতিনিধিদের। জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ ম্যাচে ৫১ জয়, হার ৩০টি। এই সংস্করণে বাংলাদেশ নিজেদের ইতিহাসে ম্যাচ জিতেছে ১৬৯টি। অর্থাৎ মোট জয়ের ৩০ শতাংশের বেশি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সে দেশে খেলা ৩৪ ওয়ানডেতে ১৭টি জিতেছে বাংলাদেশ, সমান ১৭টি জয় জিম্বাবুয়েরও। তবে সর্বশেষ সিরিজে জয় পায় রিচার্ড এনগারাভার নেতৃত্বাধীন দলটি, ২০২২ সালে ২-১ ব্যবধানে।
এবার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। র্যাংকিং ও আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ১০ দল। বাকি চার দল চূড়ান্ত হবে বাছাইপর্বে। আয়োজক তিন দেশ হলেও নামিবিয়াকে সরাসরি খেলার সুযোগ দিচ্ছে না আইসিসি। সেক্ষেত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি ৮ দলকে আগামী বছর ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকতে হবে। যেহেতু প্রোটিয়ারা সেরা দশের মধ্যে এবং জিম্বাবুয়ে বাইরে আছে, এজন্য আইসিসির বর্তমান ওয়ানডে র্যাংকিংয়ের সেরা ৯-এর মধ্যে থাকতে হবে মিরাজদের। বর্তমানে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই আছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ঠিক পরেই থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৩। মূলত এই দুই দলের কোনো একটিরই বাছাইপর্বে খেলার শঙ্কা বেশি।
জিম্বাবুয়ে বর্তমান র্যাংকিংয়ে ১২ নম্বরে। তাদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও খুব বেশি পয়েন্ট পাবে না বাংলাদেশ দল। তবে সিরিজ এবং ম্যাচ হারলেই বিপদ। ৩ থেকে ৮ পয়েন্ট পর্যন্ত হারাতে হতে পারে। যদিও সর্বশেষ ৪টি ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন মিরাজরা। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেন, ‘ছেলেরা গত কয়েকটি সিরিজ খুব ভালো করছে। চেষ্টা করব আগের মতো প্রক্রিয়া ঠিক রেখে যেন ফল আনতে পারি। বোলিং-ব্যাটিং দুই দিক দিয়েই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যে সহজ হবে না, সেটা জানা আছে শরিফুলের, ‘গত ৫ (৪টি) সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, একটু হলেও কঠিন হবে। তবে এটা মাথায় না রেখে নিজেদের খেলা খেলতে হবে, যার যার স্কিল ডেলিভার করতে হবে।’