রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক দুই অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলো- হৃদয় (২৩) রাশেদ (২৩) মো. শামীম ওরফে সাগর (২৫) ও মো. শাহ আলম (৩৫)।
সিটিটিসি সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ কর্তৃক সন্ধ্যা আনুমানিক ৬-৪৫ মিনিটে কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান চলাকালে ছিনতাইয়ের চেষ্টা করলে হৃদয়, রাশেদ ও মো. শামীম সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, রাত আনুমানিক ৮-৪৫ মিনিটে শিশু মেলার সামনে ওভার ব্রিজের উপরে ছিনতাইয়ের চেষ্টা করা করলে হাতেনাতে মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩টি ছুরি উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত মর্মে জানা যায়। গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে, রাশেদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে, মো. শামীম ওরফে সাগরের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২টি মামলা এবং মো. শাহ আলমের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।