খুলনার প্রত্যন্ত গ্রামের গল্প নিয়ে নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন বলিউডের প্রভাবশালী নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক মহলে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই পরিচালক। ফলে এখন থেকে বিশ্বজুড়ে ছবিটি পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম ও প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ এরই মধ্যে মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ছবিটির ভূয়সী প্রশংসা করেন অনুরাগ। পরিচালক তাওকীর জানান, ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার পাশাপাশি সামনে অনুরাগের সঙ্গে যৌথভাবে আরও কিছু বড় কাজের পরিকল্পনা রয়েছে। অনুরাগের মতো বিশ্বমানের নির্মাতার এই সম্পৃক্ততা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও আন্তর্জাতিক স্বীকৃতি।