ক্যামেরার সামনে ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায়, বিবাহবহির্ভূত সম্পর্ক কিংবা যৌন নির্যাতনের মতো গোপন সত্য ফাঁসের রোমহর্ষক রিয়েলিটি শো ‘লক আপ’ চার বছর পর ফিরেছে নতুন মৌসুমে। ওটিটি প্ল্যাটফর্ম বদলে এবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একতা কাপুরের এই বিতর্কিত শোটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলেছে। চলতি সপ্তাহে বাংলাদেশে নেটফ্লিক্সের বিদেশি ভাষার সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘লক আপ : সাচ ইয়া সাজা’।
এবারের আসরে কঙ্গনা রনৌত বিশেষ পর্বে ‘জনতার কণ্ঠ’ হিসেবে থাকলেও মূল সঞ্চালনার দায়িত্বে আছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। এবারের ট্যাগলাইন ‘সত্য নাকি শাস্তি’। যেখানে টিকে থাকতে প্রতিযোগীদের জীবনের এমন গোপন তথ্য প্রকাশ করতে হয়, যা আগে কেউ জানত না।
এবারের মৌসুমে অংশ নিয়েছেন রাম কাপুর, ধীরাজ ধুপার, হর্ষদ চোপড়া ও শিবাঙ্গী জোশির মতো তারকারা। ইতিমধ্যেই ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার শো থেকে বাদ পড়েছেন। সমালোচকরা মানুষের ব্যক্তিগত ট্রমাকে বিনোদনের উপাদানে রূপ দেওয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেও, দর্শকপ্রিয়তায় এটি সব রেকর্ড ভাঙছে। প্রতি শনিবার থেকে বুধবার রাত ৮টায় নেটফ্লিক্সে প্রচার হচ্ছে এর নতুন পর্বগুলো।