নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মিলন (৫৫) নামে এক জেলে মারা গেছেন।
সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিগ্রাম সংলগ্ন দক্ষিনে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী নিশানের বাবা।
স্থানীয় পল্লী চিকিৎসক বেলাল উদ্দিন জানান, সোমবার দুপুরে ঠেলা জাল নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যান মিলন। এ সময় হঠাৎ তিনি বঙ্গোপসাগরের গভীর পানিতে তলিয়ে যান। কিছু দূরে অবস্থান করা অন্য জেলেরা প্রথমে বিষয়টি টের পাননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে খবর পেয়ে স্বজনরাও ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে সাগরের পানি কিছুটা কমলে তারা মিলনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, আমরা নিঝুম দ্বীপের জেলে মিলনের মৃত্যুর ঘটনা অবগত হয়েছি। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।