ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ার ভয়াবহ বিস্ফোরণ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) এক নিরাপত্তা সূত্র জানায়, ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন তার কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। তবে বিস্ফোরণের পরও ম্যাক্রোঁ নির্ধারিত সূচি অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রানুয়াযী এক প্রতিবেদক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ঘটনাস্থলের দিক থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, প্রেসিডেন্টের গাড়িবহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। ম্যাক্রোঁর সফরসঙ্গী রয়টার্সের সাংবাদিকও ওই সময় কোনো বিস্ফোরণের শব্দ বা অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেননি।

পরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাক্রোঁ ও আহমেদ আল-শারার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ সালে বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ম্যাক্রোঁই প্রথম সিরিয়া সফর করছেন। তার এই সফর নতুন নেতৃত্বের অধীনে সিরিয়ার আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সাবেক আল-কায়েদা সংশ্লিষ্ট নেতা আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের পাশাপাশি সব সম্প্রদায়কে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছেন। তবে দেশটিতে এখনো সহিংসতা ও নিরাপত্তা সংকট পুরোপুরি কাটেনি, যা মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনাতেও আবারও স্পষ্ট হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত