'কাচা চুল পাকা অইলো আজও ব্রিজটা হইলো না' 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

"ছোট থেকেই শুনতাছি এখানে একটা ব্রিজ অইবো। ছোট থেকে বড় অইছি। কাঁচা চুল পাকা অইছে, কিন্তু আজও ব্রিজটা অইলো না। আমাদের এই দুঃখের কথা শুনার কেউ কি নেই?" আক্ষেপভরা কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের বাসিন্দা পারভীন আক্তার (৫৫)। শুধু তিনি নন, একই ধরনের হতাশার কথা জানিয়েছেন স্থানীয় লিটন মিয়া (৫০) ও হযরত আলী (৫৮)।

দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মঙ্গলবার (৭ জুলাই) চরশিহারী গ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আগে সোমবার "চরশিহারী গ্রামের সর্বস্তরের জনগণ" ব্যানারে মানববন্ধন করেন এলাকাবাসী।

স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— চরশিহারী মঞ্জুরের দোকান থেকে নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কার, রাস্তার পাশে টেকসই ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেন নির্মাণ এবং ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। ফলে রিকশা, অটোরিকশাসহ জরুরি যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থাকে। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় কামাল হোসেন (৪০), হলুদ কবীর (৪৫) ও রহিমা খাতুন জানান, কাঁচামাটিয়া নদীর কারণে চরশিহারী গ্রামটি ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে বিচ্ছিন্ন। থানা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জমি রেজিস্ট্রি অফিসে যেতে গ্রামবাসীকে অনেকটা পথ ঘুরে মূল সড়কের সেতু ব্যবহার করতে হয়। তাদের দাবি, উপজেলা মডেল মসজিদের সামনে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে মানুষের চলাচল সহজ হবে এবং সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত চরশিহারীসহ দক্ষিণাঞ্চলের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সড়ক, ড্রেনেজ ও সেতুর অভাবে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। অতীতে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে। তিনি জনস্বার্থে ঈশ্বরগঞ্জ থানা রোড ও উচাখিলা সড়কের সংযোগ স্থাপন এবং সেতু নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত