খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তি পাচ্ছে ১৭ জুলাই। তার আগেই ৬ জুলাই সন্ধ্যায় লন্ডনে প্রিমিয়ার শো’তেই প্রশংসায় ভাসছে তারকাবহুল এই সিনেমাটি। হোমারের বিখ্যাত গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি ২৫ কোটি ডলার বাজেটের এই সিনেমাটিকে অনেকেই নোলানের ক্যারিয়ারের ‘সেরা সৃষ্টি’ এবং ২০২৬ সালের সবচেয়ে বড় সিনেমাটিক ইভেন্ট হিসেবে ঘোষণা করে দিয়েছেন।
সমালোচকদের মতে, বড় পর্দা বা থিয়েটারে সিনেমা দেখার আসল আনন্দ কী, তা নোলান এই ছবিতে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। বিশ্বখ্যাত রিভিউ ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এর এরিক ডেভিস সিনেমাটিকে এক ‘মাইলফলক অর্জন’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘নোলান এতদিন আইম্যাক্স ক্যামেরা নিয়ে যে জাদুকরী দেখানোর স্বপ্ন দেখতেন, এটি তারই চূড়ান্ত রূপ। তবে সবচেয়ে বড় চমক ছিল সিনেমায় হরর বা ভৌতিক উপাদানের ব্যবহার। এর কিছু দৃশ্য সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো গা ছমছমে।’
অন্যদিকে ‘কলাইডার’-এর পেরি নেমিরফ সিনেমাটিকে ‘চলচ্চিত্র নির্মাণের এক মহাভোজ’ বলে আখ্যা দিয়েছেন। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডিসিয়াসের নিজ রাজ্য ও পরিবারের কাছে ফেরার দীর্ঘ ১০ বছরের ভয়ঙ্কর ও অলৌকিক লড়াইয়ের গল্পই নোলান তার চিরচেনা গম্ভীর ও চমকপ্রদ স্টাইলে পর্দায় তুলে এনেছেন।
সিনেমার মূল চরিত্র ‘ওডিসিয়াস’-এর ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। সমালোচকদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়। ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপি চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলের চরিত্রে টম হল্যান্ডের আবেগঘন পারফরম্যান্স দর্শকদের কাঁদিয়েছে। তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছেন রবার্ট প্যাটিনসন। সিনেমায় মূল খলনায়ক ‘অ্যান্টিনাস’-এর চরিত্রে তার চতুর ও চালবাজ অভিনয় রীতিমতো মন্ত্রমুগ্ধ করেছে সবাইকে। এছাড়া জেনডায়া ও চার্লিজ থেরনের মতো একঝাঁক সুপারস্টার এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন।
কারিগরি দিক থেকেও এই সিনেমাটি এক ইতিহাস তৈরি করেছে। ‘দ্য ওডিসি’ হলো বিশ্বের প্রথম কোনো কমার্শিয়াল সিনেমা, যার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ছবিটাই বিশালাকার আইম্যাক্স ৭০ মিলিমিটারের ফিল্ম ক্যামেরায় শুট করা হয়েছে। ৯১ দিনের শুটিংয়ে প্রায় ২০ লাখ ফুটেরও বেশি ফিল্মের রিল ব্যবহার করা হয়েছে এই ছবিতে। সিনেমাটি নিয়ে দর্শকদের হাইপ এতটাই বেশি যে, গত বছর অগ্রিম টিকিট ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্বোধনী সপ্তাহের সব টিকিট বিক্রি হয়েছিল।
এক দশক পর নতুন গান প্রকাশ করল ওয়ারফেজ
যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করলো ইরান
জনগণের ভোট নিয়েই সরকার ক্ষমতায়: রিজভী