এখন অনেকের বাড়িতেই সিলিন্ডার গ্যাসে রান্না হয়। তাই গ্যাস ব্যবহারে হিসাব রাখা দরকার হয়ে পড়ে। কারণ কখন হুটহাট গ্যাস শেষ হয়ে যাবে। এর পাশাপাশি গ্যাস ব্যবহারেও সচেতন থাকা দরকার। এক্ষেত্রে কী কী করতে পারেন জেনে নিন।
প্রেশার কুকার ব্যবহার করুন : ডাল, মাংস, আলু বা ছোলার মতো খাবার প্রেশার কুকারে রান্না করলে কম সময়ে সেদ্ধ হয়। এতে গ্যাসের খরচও অনেক কমে যায়।
পাত্র ঢেকে রান্না করুন : খোলা পাত্রে রান্না করলে তাপ দ্রুত বেরিয়ে যায়। তাই সবসময় ঢাকনা ব্যবহার করুন। এতে খাবার দ্রুত সেদ্ধ হবে এবং গ্যাস কম খরচ হবে। পাশাপাশি অতিরিক্ত আঁচের বদলে মাঝারি আঁচে রান্না করাই ভালো।
আগে থেকেই প্রস্তুতি নিন : গ্যাস জ¦ালিয়ে রেখে সবজি কাটা বা মসলা খোঁজার অভ্যাস বাদ দিন। রান্না শুরুর আগে প্রয়োজনীয় সব উপকরণ হাতের কাছে গুছিয়ে রাখুন। এতে সময় ও গ্যাসÑ দুটোই বাঁচবে।
বার্নার ও বাসন পরিষ্কার রাখুন : বার্নারের শিখা যদি নীলের বদলে হলুদ বা কমলা হয়, তাহলে বুঝতে হবে পরিষ্কার করার প্রয়োজন আছে। নিয়মিত বার্নার পরিষ্কার রাখলে গ্যাস ভালোভাবে জ¦লে। এ ছাড়া ভেজা বা কালিযুক্ত পাত্র ব্যবহার না করে শুকনো ও পরিষ্কার বাসনে রান্না করুন।
ছোট কিছু অভ্যাস গড়ে তুলুন : চাল, ডাল বা ছোলা আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নার সময় কম লাগে। ফ্রিজের খাবার সরাসরি চুলায় না বসিয়ে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। রান্না শেষ হওয়ার কয়েক মিনিট আগে গ্যাস বন্ধ করে দিলে পাত্রের অবশিষ্ট তাপেই খাবার সেদ্ধ হয়ে যায়।