আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত না করেই সরাসরি আইপ্যাডে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিবন্ধন ও ব্যবহার করা যাবে। ফলে আইপ্যাডকে শুধু সহায়ক (কম্প্যানিয়ন) ডিভাইস নয়, প্রধান ডিভাইস হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে।
এতদিন আইপ্যাডে হোয়াটসঅ্যাপ চালাতে হলে সেটিকে একটি স্মার্টফোনের সঙ্গে কিউআর কোড স্ক্যান করে কম্প্যানিয়ন মোডে যুক্ত করতে হতো। তবে এ ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা ছিল। যেমনÑ লাইভ লোকেশন শেয়ার করা, ব্রডকাস্ট তালিকা ব্যবহার করা বা ‘ফ্লোজ’ সুবিধার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেত না। এ ছাড়া টানা ১৪ দিন প্রধান ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলে আইপ্যাডসহ সব সংযুক্ত ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যেত।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইপ্যাডওএসের জন্য হোয়াটসঅ্যাপের ২৬.২৫.৭৪ সংস্করণে ধাপে ধাপে নতুন সুবিধাটি চালু করা হচ্ছে। বর্তমানে এটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আইপ্যাডকে প্রধান ডিভাইস হিসেবে নিবন্ধনের প্রক্রিয়াও স্মার্টফোনের মতোই। দেশের কোড ও ফোন নম্বর দেওয়ার পর ছয় অঙ্কের যাচাইকরণ কোড অথবা আগে থেকে চালু থাকা পাসকি ব্যবহার করেই অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে। নতুন এ সুবিধা চালু হলেও কম্প্যানিয়ন মোড থাকছে। প্রথমবার আইপ্যাডে হোয়াটসঅ্যাপ চালুর সময় ব্যবহারকারীরা আইপ্যাডকে প্রধান অথবা কম্প্যানিয়ন, যেকোনো একটি ডিভাইস হিসেবে নির্বাচন করতে পারবেন। আর যারা ইতিমধ্যে কম্প্যানিয়ন মোডে আইপ্যাড ব্যবহার করছেন, তাদের নতুন করে কোনো পরিবর্তন করতে হবে না।