চাঁপাইনবাবগঞ্জ 

বিএসএফের পুশইনের শিকার চার ভারতীয় দেশে ফিরলেন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে নিজ দেশে ফিরে গেছেন। 

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেন।

ফিরে যাওয়া চারজন হলেন— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।

এর আগে, একই ঘটনায় আটক অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে মানবিক বিবেচনায় তার ৮ বছর বয়সী সন্তানসহ ২০২৫ সালের ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়েছিল।

পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বিএসএফ ২০২৪ সালের আগস্টে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইন করে। পরে ২০২৪ সালের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ ও ভারতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আদালতের নির্দেশনা ও মানবিক বিবেচনায় সোনালী বিবিকে তার সন্তানসহ ভারতে ফেরত পাঠানো হলেও, চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকি চারজনের প্রত্যাবাসন বিলম্বিত হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার ট্রাভেল পাসের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, বিকেলে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ট্রাভেল পাসের মাধ্যমে চার ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ সময় সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধিসহ বিজিবি, বিএসএফ এবং ইমিগ্রেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত