নরসিংদীতে ভারি বর্ষণে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

নরসিংদীর রায়পুরায় টানা ভারি বর্ষণে মাটির ঘরের দেয়ালধসে তানঝুমা (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে

হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা চট্টগ্রামের কক্সবাজারে আছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যাক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। ভারি ভর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যায় এবং ধসে পড়ে। মাটির দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি, উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত