৭ ঘণ্টা পর শিবালয়ের হার্ডওয়্যার শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি (বিডি) লিমিটেডের শ্রমিকদের ন্যূনতম মজুরিসহ ৬ দফা দাবিতে চলা আন্দোলন প্রায় সাত ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে প্রশাসন, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনার পর শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন। এরপর কারখানা এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ৯টায় শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সকাল ১০টার দিকে তারা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১টার দিকে প্রশাসনের অনুরোধে মহাসড়কের অবরোধ তুলে নিয়ে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সরকারি গেজেট অনুযায়ী বেতন বাস্তবায়ন, দোভাষী মামুনের অপসারণ, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল ছুটি ও ছুটিকালীন ভাতা, সিএল ছুটি এবং প্রতি বছর মূল বেতনের ১০ শতাংশ বৃদ্ধি।

পদত্যাগ করা শ্রমিক আসিফ দেশ রূপান্তরকে বলেন, কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, সরকারি গেজেট অনুযায়ী বেতন দেওয়া সম্ভব নয়। এ বেতনে কাজ করতে না চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। চাপ ও ভয়ভীতির মুখেই আমরা পদত্যাগ করেছি।

সুপারভাইজার শুভ বলেন, কর্তৃপক্ষ চলতি মাসের ১০ দিনের বেতনসহ প্রত্যেক শ্রমিকের বেতন ৫০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছে। তবে সরকারি গেজেট অনুযায়ী বেতন কার্যকর না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।

হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে মামুনকে কারখানা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ উল্লেখযোগ্য অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত