জেড ক্যাটাগরিতে সিঙ্গার ও ইনটেক

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ পিএলসি এবং ইনটেক লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে প্রতিষ্ঠানগুলোর শেয়ার এখন বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত হয়েছে। কারণ শেয়ারের মান অনুযায়ী জেড ক্যাটাগরিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই নিয়ে ডিএসই ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিটিতে ১২৭টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করেছে। গতকাল বুধবার নতুন করে সিঙ্গার বাংলাদেশ এবং ইনটেক লিমিটেডকে জেড ক্যাটাগরিতে নামানো হয়।

ডিএসই জানিয়েছে, কোম্পানি দুইটির সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) ঋণাত্মক হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিঙ্গার বাংলাদেশকে ‘এ’ ক্যাটাগরি থেকে এবং ইনটেক লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নতুন এ শ্রেণিবিন্যাস বুধবার থেকে কার্যকর হয়েছে।

ডিএসইর তালিকাভুক্তি বিধি অনুযায়ী, কোনো কোম্পানির সংরক্ষিত মুনাফা ঋণাত্মক হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এই ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে তুলনামূলকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানি দুইটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা আর মার্জিন ঋণের সুবিধা পাবেন না। পাশাপাশি এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন বাজার-সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ডিএসই নিয়মিতভাবে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক অবস্থা ও বিধি পরিপালনের ভিত্তিতে ক্যাটাগরি পুনর্নির্ধারণ করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত