লক্ষ্মীপুরের সদর উপজেলায় পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। গত বুধবার বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে পাখিটি একটি বিড়াল মেরে ফেললে বাবু সারা দিন কান্নাকাটি করছিল। এ নিয়ে বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।