চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত সব সরকারি সংস্থার উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ দায়িত্বের অংশ হিসেবে তিনি বন্যার কারণে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণসামগ্রীর মজুত এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরামর্শ দেবেন এবং তাদের কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করবেন।
এ ছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সে কার্যক্রম তদারকির দায়িত্বও তাঁর ওপর অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যা পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি সময়ে সময় সরকারকে অবহিত করবেন।
এ দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।