কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি ডা. মওদুদ হোসেন পাভেল

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আজ শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ বাসভবনে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন ডা. পাভেল। পরে রাতেই তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বেলা আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন. এ. এম. মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এদিকে ডা. পাভেলের অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পাশাপাশি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত