হজ্বলাইফ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, হজ ও উমরাহ সেবায় নতুন উদ্যোগের ঘোষণা

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

হজ ও উমরাহযাত্রীদের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন 'হজ্বলাইফ ম্যাগাজিন'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর আমিফিন ক্যাফেতে এক ঘরোয়া আয়োজনে ম্যাগাজিনটির প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

একই অনুষ্ঠানে হজ্বলাইফের পক্ষ থেকে প্রিমিয়াম হজ সেবা এবং হজ ও উমরাহ খরচ ক্যালকুলেটর নামে আরও দুটি উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে হজ্বলাইফের প্রতিষ্ঠাতা ও ম্যাগাজিনের সম্পাদক নাসির উদ্দিন বলেন, ২০১৬ সাল থেকে আমি নিজে হাজীদের খেদমতের সাথে জড়িত। প্রতি বছর দেখেছি, তথ্যের অভাবে সম্মানিত হাজীসাহেবগণ নানান বিড়ম্বনায় ভোগেন। কোথায় কী করতে হবে, কত খরচ হবে, এজেন্সি থেকে যথাযথ সার্ভিস কীভাবে বুঝে নেবেন, এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এক জায়গায় পাওয়া যায় না। হজ্বলাইফ ম্যাগাজিন সেই শূন্যতা পূরণের একটি চেষ্টা।

তিনি আরও বলেন, আমরা হাজীসাহেবদের আল্লাহর মেহমান মনে করি, আর নিজেদের মনে করি তাদের খাদেম। এই ম্যাগাজিন কোনো বাণিজ্যিক প্রকাশনা নয়, এটি আমাদের খেদমতের একটি অংশ।

ম্যাগাজিনের প্রথম সংখ্যায় স্থান পেয়েছে পনেরোটি লেখা। এর মধ্যে রয়েছে ধারাবাহিক হজ ভ্রমণকাহিনি, মদিনা নিয়ে বিশেষ ফিচার, হজ প্রতারণা থেকে বাঁচার উপায়, প্যাকেজের খরচ বোঝার সহজ গাইড এবং বয়স্ক হাজীদের যত্ন নিয়ে বিশেষ প্রতিবেদন।

মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে সি আই ঢাকা ফাউন্ডারস -এর ফাউন্ডিং এলপি এম আসিফ রহমান, এলপি মেহেদি হাসানসহ আরও অনেকে। অতিথিদের মধ্যে কয়েকজন ম্যাগাজিন ও নতুন উদ্যোগগুলো নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে ঘোষিত প্রিমিয়াম হজ সেবায় থাকছে সীমিত সংখ্যক হাজীর জন্য বিশেষ ব্যবস্থাপনা, অভিজ্ঞ গাইড এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান। আর হজ ও উমরাহ খরচ ক্যালকুলেটরের মাধ্যমে যে কেউ ঘরে বসেই নিজের বাজেট অনুযায়ী প্যাকেজের সম্ভাব্য খরচ হিসাব করতে পারবেন। ক্যালকুলেটরটি hajjlife.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের হাতে ম্যাগাজিনের প্রথম সংখ্যা তুলে দেওয়া হয় এবং ২০২৭ সালের হজযাত্রীদের জন্য দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত