এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের ভেতর বইয়ের পৃষ্ঠা রাখার দায়ে ফেনীতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ফেনী শহরের সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মৌসুমী রানী দাস। তিনি ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন অনিয়মিত শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত পরিদর্শকরা ওই শিক্ষার্থীর কাছে পরীক্ষা সংশ্লিষ্ট বইয়ের কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের কয়েকটি পৃষ্ঠা উদ্ধার করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসার পর বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীর কাছে কোনো মোবাইল ফোন কিংবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়নি। শুধু পরীক্ষা সংশ্লিষ্ট কাগজের পৃষ্ঠা রাখার অপরাধেই পরীক্ষা আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।