টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক 

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএনসির টেকনাফ বিশেষ জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড় হাবিবপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছাবেকুন নাহার (২১) নামে রোহিঙ্গা নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

ডিএনসির সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক পাচার, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত