ফুলগাজীতে ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৩১ এএম

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনতার তৎপরতায় আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধবাহী একটি চালান আটক করা হয়েছে।

পরে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় থাকা মালামাল ও যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

শনিবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচারের সময় স্থানীয় লোকজনের বাধার মুখে চোরাকারবারীরা একটি সাদা পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত মালামাল ও যানবাহন নিজেদের হেফাজতে নেন।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, পিকআপে থাকা ২২টি চটের বস্তার মধ্যে ২১টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৬০ পিস ভারতীয় শাড়ি এবং একটি বস্তায় Lidocaine Topical Aerosol BP-এর ৪২০টি স্প্রে উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে নেত্রকোনা-ন ১১-০০৭৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা পিকআপ ভ্যান এবং ফেনী-ল ১২-৬২৩২ রেজিস্ট্রেশন নম্বরের একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মালামাল থানায় নেওয়া হয়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত