ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গতকাল রবিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা ৫ আগস্ট (২০২৪ সালের) বাংলাদেশ থেকে চলে গেছেন। বর্তমানে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছেন।’ তিনি বলেন, ‘কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন তাহলে তার (সংশ্লিষ্ট আসামি) পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে (বাংলাদেশে) আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ তাকে ওই দেশের সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে। অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ভারতের সরকার তাকে পুশইন করতে পারে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘যেহেতু শেখ হাসিনা ভারত সরকারের অধীনে আছেন এবং বাংলাদেশ সরকার তাকে পাওয়ার জন্য চিঠি দিচ্ছে। ভারত সরকার এখন পর্যন্ত হস্তান্তর করেনি।’
অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আসবেন, তার লোকজনদের নিয়ে আত্মসমর্পণ করবেন, এই বক্তব্যের কোনো আইনগত সুযোগ আমি দেখিনা। তিনি যেহেতু ভারত সরকারের অধীনে আছেন, তিনি স্বেচ্ছায় আসবেন কীভাবে? তাকে তো ওই সরকারের (ভারত) মাধ্যমে আসতে হবে। আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।’
তিনি বলেন, ‘তিনি এখানে (বাংলাদেশ) দণ্ডপ্রাপ্ত। ভারতে নির্বাসনে আছেন। ভারত সরকার তাকে দিতেও পারে নাও দিতে পারে। উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পণ করবেন, এই সুযোগ নেই। তিনি কী উদ্দেশ্যে রয়টার্সকে এই বক্তব্য (বাংলাদেশে ফেরা) দিয়েছেন তিনি ভালো বলতে পারবেন। তবে, এই বিশ্লেষণ থাকতেই পারে তিনি তার নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে চান, হয়তো বা তিনি একধরনের উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা করতে চান। অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’