রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে শাহিদা বেগম নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে। পুলিশের ধারণা, গত শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার জিনিসপত্র এলোমেলো পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
গতকাল রবিবার যাত্রাবাড়ী থানার ওসি মোহম্মদ রাজু জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সন্ধ্যার ঘটনা হলেও পুলিশ খবর পেয়ে গতকাল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। জানা গেছে, নিহত শাহিদা বেগম ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তার এক ছেলে মালয়েশিয়ায় এবং দুই মেয়ে আলাদা থাকেন। স্বামী শফিকুল ইসলাম মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে।