আর্জেন্টিনার খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বর্ধনগাছা রেলগেট এলাকায় রেললাইনে বসে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

এ বিষয়ে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানোয়ার হোসেন বলেন, এ দিন সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ খেলা দেখছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পারেননি তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকলে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত